যশোরে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট ও সাংস্কৃতিক নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
দেশের বর্তমান সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের অরাজক পরিস্থিতি এবং তা থেকে উত্তরণের উপায় নিয়ে যশোরের সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের যশোর জেলা কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব দীপঙ্কর দাস রতন।
সভায় গণতান্ত্রিক যুক্তফ্রন্টের পক্ষে উপস্থিত ছিলেন, জোটের জেলা সমন্বয়ক কমরেড আবু হাসান, বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সম্পাদক তসলিম উর রহমান, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) যশোর জেলার অন্যতম নেতা হাসিবুর রহমান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) যশোর জেলার অন্যতম নেতা অ্যাডভোকেট আমিনুর রহমান এবং মামুনুর রশিদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অন্যদিকে যশোর অঞ্চলের সাংস্কৃতিক সংগঠনগুলোর পক্ষে প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন, হারুন অর রশিদ, মাহমুদ হাসান বুলু, আনোয়ারুল করিম সোহেল, বাসুদেব বিশ্বাস, নওরোজ আলম চপল ও রফিকুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা দেশের বর্তমান সার্বিক পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন। বিশেষ করে সামাজিক ও রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনে তৈরি হওয়া নানা অরাজকতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে এই সংকটময় পরিস্থিতি কাটিয়ে উঠতে রাজনৈতিক ও সাংস্কৃতিক শক্তিগুলোর ঐক্যবদ্ধ ভূমিকা এবং আগামী দিনের করণীয় নির্ধারণ নিয়ে সভায় ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।























