যশোর জেনারেল হাসপাতালে রোগীর টাকা চুরির অভিযোগে নারী আটক
নিজস্ব প্রতিবেদক
যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এক নারী রোগীর ব্যাগ থেকে টাকা চুরির সময় হাতেনাতে শিল্পী (৩০) নামে এক নারীকে আটক করেছে হাসপাতাল কর্তৃপক্ষ ও ভুক্তভোগীর স্বজনেরা। মঙ্গলবার সকাল ১১টার দিকে হাসপাতালের এক্স-রে কক্ষের সামনে এ চুরির ঘটনা ঘটে। আটক শিল্পী জামালপুর জেলার ইসলামপুর থানার পূর্ব ব্যাপাড়ী পাড়া এলাকার হাসিবুরের স্ত্রী।
হাসপাতাল সূত্রে জানা গেছে, যশোর সদর উপজেলার নওদা গ্রামের জামাল হাওলাদারের স্ত্রী মোছাম্মদ শেখা (৩০) চিকিৎসার জন্য হাসপাতালে আসেন। সকাল ১১টার দিকে তিনি হাসপাতালের এক্স-রে কক্ষের সামনে অবস্থান করছিলেন। এ সময় সুযোগ বুঝে শিল্পী তাঁর সঙ্গে থাকা ব্যাগ থেকে ১২ হাজার টাকা বের করে নেওয়ার চেষ্টা করেন। ঘটনাটি টের পেয়ে উপস্থিত লোকজনের সহায়তায় তাঁকে হাতেনাতে ধরে ফেলা হয়।
পরবর্তীতে হাসপাতালের নিরাপত্তাকর্মীরা শিল্পীকে আটক করে হেফাজতে নেন এবং তাৎক্ষণিকভাবে বিষয়টি যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশকে অবহিত করেন।
আটক নারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে হাসপাতাল সূত্রে নিশ্চিত করা হয়েছে।























