মানিক মিয়া স্টাফ রিপোর্টার:- আজ মহান বিজয় দিবস। বাঙালি জাতির হাজার বছরের বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। এই দিনেই বিজয়ের সুবর্ণজয়ন্তী পালন করছে অকুতোভয় বাংলাদেশ।

সুবর্ণ বিজয়ের সকাল থেকেই সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসা সাধারণ মানুষের ঢল নেমেছে।বৃহস্পতিবার সকালে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শ্রদ্ধা নিবেদন পর সাধারণ মানুষের জন্য খুলে দেয়া হয় স্মৃতিসৌধের বেদি।
পরে একে একে বিভিন্ন রাজনৈতিক দল, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান।এ সময় নানা বয়সের মানুষের মহান মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি তাদের ভালোবাসা ও শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে হাজির হন। শ্রদ্ধা জানাতে বড়দের পাশাপাশি উপস্থিত হয় শিশুরাও।গত বছর করোনাভাইরাসে সৃষ্ট মহামারির কারণে স্বাধীনতা দিবস ও বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান হয়নি।
আসেননি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। তাই দীর্ঘদিন পর শ্রদ্ধা নিবেদনের সুযোগ পেয়ে জাতীয় স্মৃতিসৌধে সাধারণ মানুষের ঢল নেমেছে। এদিকে, করোনার কারণে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসা সবাইকে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে বলা হয়েছে।
এদিকে, মহান বিজয় দিবস উপলক্ষ্যে জাতীয় স্মৃতিসৌধ ও এর আশপাশের এলাকাজুড়ে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। অন্যান্য বছরের তুলনায় এবারও প্রশাসনের পক্ষ থেকেও নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।
সৌধ এলাকায় নিরাপত্তা চৌকি, পর্যবেক্ষণ টাওয়ারসহ বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। সাদা পোশাকে পুলিশের নজরদারি বাড়নোসহ নিরাপত্তার স্বার্থে সৌধের আশপাশের চলাচলকারীদেরও তল্লাশি করা হচ্ছে।







