আন্তর্জাতিক সংবাদ:- শ্রীলঙ্কায় চলমান অর্থনৈতিক সংকটের মধ্যেই স্বর্ণের মজুদ কমে আসছে বলে জানিয়েছেন দেশটির বিরোধী দলীয় আইনপ্রণেতারা।বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে আসায় ডলারের যোগান দিতে স্বর্ণ বিক্রি বাড়ানো হয়েছে বলে দাবি তাদের।
জানুয়ারির শেষে দেশটিতে স্বর্ণের রিজার্ভ ৯২ মিলিয়ন ডলারে নেমে এসেছে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। পাশাপাশি গেল বছরের শেষে দেশটিতে ৩ বিলিয়ন ডলারের রিজার্ভ থাকলেও জানুয়ারিতে তা কমেছে অন্তত ২৪ শতাংশ। তবে বিশ্লেষকরা বলছেন রিজার্ভের প্রকৃত অর্থ ১ বিলিয়নেরও কম। আমদানি নির্ভর দেশটিতে মুদ্রাস্ফীতি বেড়ে চলেছে। অর্থ পরিশোধ করতে না পারায় বন্দরে কন্টেইনারে পণ্য জট তৈরী হলেও তা মূল ভূখণ্ডে পৌঁছাচ্ছে না।এছাড়াও দেশটিতে জ্বালানি সংকট ভয়াবহ আকার ধারণ করেছে। প্রতিবেশি ভারত থেকে ৪০ হাজার মেট্রিক টন জ্বালানি সহায়তা পেলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।
দেশটিতে প্রায় ৬০ শতাংশ মানুষই দারিদ্রের মুখে রয়েছেন। খাদ্য সংকটের পাশাপাশি অপুষ্টির হার বেড়ে প্রায় ২০ শতাংশে পৌঁছেছে।গত নভেম্বর মাসের শেষে শ্রীলঙ্কার বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল মাত্র ১৫৮ কোটি ডলার। অথচ রাজাপাকসে ক্ষমতাগ্রহণের সময় ২০১৯ সালেও দেশটির হাতে অন্তত ৭৫০ কোটি ডলার ছিল।
রিজার্ভে এমন বিপর্যয়ের কারণে লঙ্কান কেন্দ্রীয় ব্যাংক সবার কাছে থাকা বৈদেশিক মুদ্রা জমা দেওয়ার অনুরোধ জানিয়েছে। এমনকি বিদেশ থেকে ফেরা ব্যক্তিদের হাতে খুচরা মুদ্রা থাকলে তা-ও জমা দিতে বলা হয়েছে।







