বাগেরহাট জেলা প্রতিনিধি// বাগেরহাটের মোরেলগঞ্জে পরকীয়ার অভিযোগে এক গৃহবধূর চুল কেটে দিয়েছেন সাবেক ইউপি নারী সদস্য। বৃহস্পতিবার (১৬ জুন) রাতে উপজেলার বলইবুনিয়া ইউনিয়নের কিসমতজামুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে অভিযুক্ত নারী ইউপি সদস্য মুঞ্জিলা বেগমকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৭ জুন) সকালে গৃহবধূর ভাই মো. সাইদুল শেখ বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে মোরেলগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। মামলার সূত্র ধরে পুলিশ মুঞ্জিলা বেগম নামের এক নারীকে গ্রেফতার করেছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, বৃহস্পতিবার গভীর রাতে ভুক্তভোগী গৃহবধূ প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে এলে স্থানীয় রিয়াদ খান (২৬), বাবু মোল্লা (২৭) ও মো. রিয়াজুল শেখ (২৬) তিনজন মিলে মুখ চেপে ধরে গৃহবধূকে কুপ্রস্তাব দেয়। কুপ্রস্তাবে রাজি না হলে ওই গৃহবধূকে ধরে রিয়াদের বাড়ির উঠানে নিয়ে যায়।
সেখানে ধস্তাধস্তির এক পর্যায়ে রিয়াদের মা মুঞ্জিলা বেগম ঘরের বাইরে আসে। তখন সবাই মিলে ঘটনা ভিন্ন দিকে ঘোরাতে গৃহবধূকে ঘরের মধ্যে নিয়ে খাটের সাথে বেঁধে চুল কেটে দেয় ও মারধর করে। পরে চুরির অভিযোগে পুলিশে ফোন দেয় এবং স্থানীয়দের ডেকে আনে। পুলিশ এসে ওই গৃহবধূকে উদ্ধার করে।
মোরেলগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, ওই গৃহবধূর ভাইয়ের অভিযোগের ভিত্তিতে সাবেক নারী ইউপি সদস্য মুঞ্জিলা বেগমকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের আটকের চেষ্টা চলছে।






