অনলাইন ডেস্ক:- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিমান যান্ত্রিক ত্রুটির কারণে উড়তে দেরি করায় দেশটির কংগ্রেস দলের নেতা রাহুল গান্ধীকে তিন ঘণ্টা বসিয়ে রাখার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (১৫ নভেম্বর) গোড্ডার অদূরে দেওঘরে যান্ত্রিক ত্রুটির কারণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিমান উড়তে দেরি হয়।
এতে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিরাপত্তার কথা ভেবে আটকে রাখা হয় রাহুলের হেলিকপ্টার। এদিকে এই ঘটনায় কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন ‘এয়ার ট্র্যাফিক কন্ট্রোল’ (এটিসি)-এর বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে কংগ্রেস।
উল্লেখ্য, শুক্রবার রাহুল বিধানসভা ভোটের প্রচারে ঝাড়খণ্ডের গোড্ডায় গিয়েছিলেন। সেখানকার মহাগনায় সভা করার পরে তার অন্য একটি কর্মসূচিতে যোগ দেওয়ার কথা ছিল। ঝাড়খণ্ডে ৮১টি বিধানসভা আসনের মধ্যে গত ১৩ নভেম্বর প্রথম দফায় ৪৩টি আসনে ভোট হয়েছে। আগামী ২০ নভেম্বর (বুধবার) বাকি ৩৮টিতে হবে। গণনা ২৩ নভেম্বর।
এদিকে ভোটের আগে এই ঘটনা দেশটির রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।







