শেখ মুজিবুর রহমান জাতির জনক নন: নাহিদ ইসলাম

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, শেখ মুজিবুর রহমান জাতির জনক নন। স্বাধীনতা অর্জনে তার অবদান ও ত্যাগের কথা আমরা স্বীকার করি। কিন্তু আমরা তার শাসনামলে সংঘটিত জাতীয় বিপর্যয়ের ঘটনাগুলোকেও স্মরণ করছি।

শুক্রবার (১৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে ইংরেজিতে দেওয়া এক স্ট্যাটাসে এ মন্তব্য করেন তিনি।

নাহিদ ইসলাম লেখেন, শেখ মুজিবুর রহমান জাতির জনক নন। তার নেতৃত্বে বাংলাদেশ ভারতের একটি করদ রাজ্যে পরিণত হয়েছিল।  ১৯৭২ সালে গণবিরোধী সংবিধান চাপিয়ে দিয়ে প্রতিষ্ঠা করা হয় লুটপাট, রাজনৈতিক হত্যাকাণ্ড ও একদলীয় বাকশাল স্বৈরশাসনের ভিত।

তিনি আরও লেখেন, আওয়ামী লীগের ফ্যাসিবাদী রাজনীতির অন্তরালে রয়েছে মুজিব পূজা ও মুক্তিযুদ্ধ পূজা । এটা গণতন্ত্রের ছদ্মবেশে আধুনিক জমিদারি কায়েম ছাড়া অন্য কিছু ছিল নয়। অথচ মুক্তিযুদ্ধ ছিল সব মানুষের সংগ্রাম। বিগত কয়েক দশক ধরে আওয়ামী লীগ বাংলাদেশকে তার পৈত্রিক সম্পত্তি, জবাবদিহিহীন শাসন এবং মুজিবের নাম ব্যবহার করে দুর্নীতি ও দমন-পীড়নকে বৈধতা দিয়েছে।

এনসিপি আহ্বায়ক বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থান এই জমিদারিকে ধ্বংস করে দিয়েছে। কোনো ব্যক্তি, পরিবার ও নাগরিকদের অধিকার কেড়ে নিতে বা বাংলাদেশের ওপর ফ্যাসিবাদ চেপে বসতে পারে এমন কোনও মতাদর্শকে আর মেনে নেওয়া হয়।

তিনি বলেন, ‘জাতির পিতা’ উপাধি কোনো ইতিহাস নয়—এটি আওয়ামী লীগের তৈরি এক ফ্যাসিবাদী হাতিয়ার। বাংলাদেশ সকল নাগরিকের সমান অধিকারভিত্তিক রাষ্ট্র; এর জন্ম বা ভবিষ্যৎ কোনও এক ব্যক্তির একচেটিয়া সম্পত্তি নয়।

তিনি আরও বলেন, মুজিববাদ হলো শেখ মুজিব ও মুক্তিযুদ্ধের নামে পরিচালিত এক ফ্যাসিবাদী মতাদর্শ। আমাদের সংগ্রাম কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, ফ্যাসিবাদী মতাদর্শের বিরুদ্ধে। মুজিববাদ ফ্যাসিবাদ ও বিভাজনের একটি আদর্শ। এর মানে হলো গুম, হত্যা, ধর্ষণসহ মানবাধিকার লঙ্ঘন। এর মানে হলো রাষ্ট্রের সম্পদ লুটপাট ও বিদেশে পাচার। এর মানে ইসলামবিদ্বেষ, সাম্প্রদায়িকতা ও সংখ্যালঘুদের জমি দখল। এর মানে হলো জাতীয় সার্বভৌমত্ব বিদেশি শক্তির কাছে বিক্রি করে দেওয়া। ষোলো বছর ধরে মুজিবকে রাজনৈতিকভাবে জীবিত রাখা হয়েছে একটি অস্ত্র হিসেবে, আর তাঁর ভাস্কর্যের আড়ালে বিকশিত  হয়েছে অপহরণ, হত্যা, লুণ্ঠন ও গণহত্যার মতো ঘটনা।

নাহিদ ইসলাম বলেন, মুজিববাদ একটি জীবন্ত আপদ। এটিকে পরাজিত করতে হবে রাজনৈতিক, মতাদর্শিক ও সাংস্কৃতিক প্রতিরোধের মাধ্যমে। আমাদের সংগ্রাম একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার; যেখানে দল, গোষ্ঠী ও কোনও নেতা জনগণের উর্ধ্বে থাকবে না। বাংলাদেশ কারো ব্যক্তিগত সম্পত্তি নয়—এটি জনগণের প্রজাতন্ত্র।