স্বাধীন কন্ঠ ডেস্ক
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জীবনমান উন্নয়ন, নায্য দাবি পূরণ এবং অবসরপ্রাপ্ত শিক্ষকদের কল্যাণ ও অবসর সুবিধার টাকা দ্রুত পরিশোধের দাবিতে যশোরে মানববন্ধন ও বিক্ষোভ র্যালি হয়েছে।
শনিবার সকালে যশোর প্রেসক্লাব যশোরের সামনে এই মানববন্ধন ও র্যালি করে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন (বাআশিফ) যশোর জেলা শাখা। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
মানববন্ধনে বক্তারা শিক্ষকদের দীর্ঘদিন ধরে চলে আসা বঞ্চনার চিত্র তুলে ধরে অবিলম্বে তাদের ন্যায্য অধিকার নিশ্চিতের দাবি জানান।
মানববন্ধনে বক্তারা এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের জন্য বিদ্যমান অপ্রতুল সুযোগ-সুবিধা পরিবর্তনের জোর দাবি জানান। তাদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে,বিদ্যমান বাড়ি ভাড়া ২ হাজার টাকা থেকে বাড়িয়ে মূল বেতনের ৫০ শতাংশ করা। উৎসব ভাতা ১০০ শতাংশে উন্নীত করা। চিকিৎসা ভাতা ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৫শ টাকা করা। এছাড়াও, বক্তারা ইবতেদায়ী মাদ্রাসা এবং স্বীকৃতিপ্রাপ্ত নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের দ্রুত এমপিওভুক্ত করার দাবি তোলেন।
মানববন্ধনের বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এদেশে শিক্ষকদের জীবনমানের কোনো উন্নতি হয়নি। সামান্য বেতনে তাদের জীবনধারণ কষ্টকর হয়ে পড়েছে। বর্তমান পরিস্থিতিতে শিক্ষকরা তাদের নায্য অধিকার থেকে বঞ্চিত।
বক্তারা সরকারের প্রতি অবিলম্বে শিক্ষকদের এই যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়ার আহ্বান জানান এবং অন্যথায় আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
যশোর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এই সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের যশোর জেলা সভাপতি অধ্যাপক আবুল হাশিম রেজা।
এসময় আরও বক্তব্য রাখেন, বাআশিফ-এর যশোর জেলা উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা আবু জাফর সিদ্দিকী, যশোর জেলা কলেজ শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক জয়নুল আবেদীন, বাআশিফ-এর যশোর জেলা অন্যতম নেতা মাওলানা জাকির হোসাইন, ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক পরিষদের জেলা সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল মামুন, , যশোর শহর সভাপতি অধ্যাপক আশরাফ আলী, সদর উপজেলা সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, শংকরপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রোকসানা পারভীন প্রমূখ।







