স্বাধীন কন্ঠ ডেস্ক
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) যশোর জেলার প্রবীণ নেতা ইলাহদাদ খান আর নেই। আজ মঙ্গলবার (২১ অক্টোবর) বেলা ১১টার দিকে যশোর শহরের বেজপাড়া ছায়াবীথি রোডের (তালতলা) নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৭৫ বছর।
দলীয় সহকর্মী ও সাংস্কৃতিক অঙ্গনের মানুষজন জানিয়েছেন, বিকেল ৩টায় তাঁর মরদেহ নেওয়া হবে উদীচী শিল্পী গোষ্ঠীর যশোর জেলা কার্যালয়ে, যেখানে বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানাবেন।
বাদ আসর বেজপাড়া তালতলা মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে তাঁকে বেজপাড়া কবরস্থানে দাফন করা হবে।
ইলাহদাদ খান ছিলেন যশোরের বাম রাজনীতির এক নিবেদিতপ্রাণ কর্মী। তিনি দীর্ঘদিন সিপিবি যশোর জেলা কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং উদীচীসহ বিভিন্ন প্রগতিশীল সংগঠনের সঙ্গেও যুক্ত ছিলেন। তাঁর মৃত্যুতে রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।







