স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের শ্রীকান্তনগর এলাকায় চোর সন্দেহে গণপিটুনিতে নিহত শামীম হোসেনের হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে তার পরিবার ও স্থানীয় এলাকাবাসী।
রোববার সকালে যশোর প্রেসক্লাবের সামনে “সর্বস্তরের এলাকাবাসী”-এর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নিহত শামীম হোসেনের পিতা ছবদুল বিশ্বাসের নেতৃত্বে প্রায় ৩০ থেকে ৪০ জন অংশগ্রহণ করেন। কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, নিহত শামীম হোসেন মানসিক ভারসাম্যহীন ছিলেন। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে তারা অভিযোগ করেন। এ ঘটনায় জড়িত আরাফাতসহ সকল আসামির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, কোনো ব্যক্তি মানসিক ভারসাম্যহীন হলেও তাকে পিটিয়ে হত্যা করার অধিকার কারও নেই। আইন নিজের হাতে তুলে নেওয়ার এই প্রবণতা সমাজের জন্য অত্যন্ত ভয়ংকর। তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি তারিখে ভোর আনুমানিক ২টার দিকে যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের শ্রীকান্তনগর এলাকায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত শামীম হোসেন (৩৫), সদর উপজেলার বলাডাঙ্গা গ্রামের ছবদুল বিশ্বাসের ছেলে।
অভিযোগ অনুযায়ী, তিনি স্থানীয় বাজারে জনৈক আরাফাত হোসেনের বিকাশ দোকানের সামনের দরজার পাল্লা ভেঙে ভেতরে প্রবেশ করেন।
দোকানদার ওয়াশরুমে যাওয়ার জন্য ঘুম থেকে উঠে সিসিটিভি ক্যামেরায় দোকানের ভেতরে শামীম হোসেনকে দেখতে পান বলে জানা যায়। এ সময় দোকানদারের চিৎকারে এলাকাবাসী ছুটে এসে তাকে ধরে গণপিটুনি দেয়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই শামীম হোসেনের মৃত্যু হয় বলে জানা গেছে।
ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবার এই হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের দৃষ্টি আকর্ষণ করেছেন।







