লাইট-এসি বন্ধ রেখে বৈঠক করলো সংসদীয় কমিটি

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

মেহেদী হাসান বিশেষ প্রতিনিধি// বৈদ্যুতিক বাতি ও শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) বন্ধ রেখে বৈঠক করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

চলমান বৈশ্বিক পরিস্থিতিতে বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়টি বিবেচনায় রেখে জাতীয় সংসদের কেবিনেট কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

আজ মঙ্গলবার (১৯ জুলাই) বিকেল ৩টায় এই বৈঠক শুরু হয়। বৈঠক শেষে কমিটির সভাপতি সংসদ সদস্য ওয়াসিকা আয়শা খান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

বৈঠকে কমিটির সদস্য মো. নূরুল ইসলাম তালুকদার, খালেদা খানম এবং নার্গিস রহমান অংশগ্রহণ করেন।

এদিন বিগত ২৬তম বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করা হয় এবং ওই বৈঠকে নেওয়া সিদ্ধান্তসমূহের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।

একই সঙ্গে প্রধান বিদ্যুৎ পরিদর্শন (সিইআই) দপ্তরের কার্যক্রম ও দেশের সার্বিক বিদ্যুৎ ব্যবস্থাপনায় এর ভূমিকা সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।

দেশের বিদ্যুৎ উৎপাদন প্রকল্পসমূহের বিপরীতে নেওয়া বৈদেশিক ঋণ পরিশোধের পরিকল্পনা সম্পর্কে বৈঠকে আলোচনা হয়। এছাড়াও ক্যাপাসিটি চার্জ প্রদান সম্পর্কিত তথ্য তালিকা আকারে কমিটিতে উপস্থাপন করা হয়।

এ সময় বিদ্যুৎকেন্দ্রগুলোর ঋণের বিপরীতে ঋণ ও ঋণের সুদ পরিশোধকল্পে প্রবিধান রাখার পরামর্শ দেয় স্থায়ী কমিটি। সরকারি স্থাপনাসমূহে জরুরি ভিত্তিতে এনার্জি অডিট করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও সুপারিশ করে স্থায়ী কমিটি।

এছাড়াও এরই মধ্যে শেষ হয়েছে এমন প্রকল্পে ব্যবহৃত যানবাহনসমূহ থেকে কয়েকটি যানবাহন প্রধান বিদ্যুৎ পরিদর্শন (সিইআই) দপ্তরকে বরাদ্দ দেওয়ার সুপারিশ করে স্থায়ী কমিটি।বৈঠকে বিদ্যুৎ বিভাগের সচিব, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান, স্রেডা’র চেয়ারম্যান (রুটিন দায়িত্ব), বিইপিআরসি’র চেয়ারম্যান এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।