স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোর সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অবৈধ চোরাচালানি মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দিনব্যাপী বিজিবির যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) শালকোনা ও হিজলী বিওপি এবং বেনাপোল আইসিপি এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করে।
আটককৃত মালামালের মধ্যে রয়েছে, ভারতীয় ১২০ বোতল উইনসেরেক্স কফ সিরাপ, ৫ বোতল এসকাফ সিরাপ, ৩০ প্যাকেট কীটনাশক, ১টি মোটরসাইকেল, ১৬টি শাড়ি, ১টি টু-পিস এবং ৬টি কসমেটিক্স সামগ্রী। যার মোট আনুমানিক মূল্য ২ লাখ ২৫ হাজার ২০০ টাকা।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, দেশের সীমান্ত নিরাপদ রাখতে এবং মাদক ও চোরাচালান নির্মূলে বিজিবির এধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
