বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৬
Homeসারাদেশদক্ষিণ-পশ্চিমাঞ্চলযশোরে চাষির ক্ষেত নষ্ট, তাৎক্ষণিক সহায়তা দিল ইউএনও রনী খাতুন

যশোরে চাষির ক্ষেত নষ্ট, তাৎক্ষণিক সহায়তা দিল ইউএনও রনী খাতুন

স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোর জেলার ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়নের বর্নি গ্রামে এক বর্গাচাষির আড়াই বিঘা জমির ফলন্ত শসা গাছ রাতের আঁধারে কেটে নষ্ট করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী কৃষক মোহর আলী জানান, অনেক কষ্টে ধার-দেনা করে তিনি ২.৫ বিঘা জমিতে শসার আবাদ করেছিলেন। গাছগুলো সতেজ হয়ে উঠেছিল এবং কয়েক দিনের মধ্যেই বাজারে তোলার প্রস্তুতি চলছিল। কিন্তু গত বুধবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা তার ক্ষেতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে সব শসা গাছ গোড়া থেকে কেটে দেয়।

বৃহস্পতিবার সকালে মাঠে গিয়ে তিনি দেখেন, পুরো ক্ষেতের গাছ মাটিতে নুইয়ে পড়ে আছে। মুহূর্তেই তার প্রায় লাখ টাকার স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায়। কান্নাজড়িত কণ্ঠে মোহর আলী বলেন, আমি এখন কীভাবে দেনা শোধ করব, পরিবার চালাব? যারা আমার এই সর্বনাশ করেছে, তাদের বিচার চাই।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে বর্নি গ্রামসহ আশপাশের কৃষকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এদিকে ঘটনার পর ক্ষতিগ্রস্ত কৃষকের জমি পরিদর্শন করেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ রনী খাতুন ও ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বাবলুর রহমান খান। তারা মোহর আলীর সঙ্গে কথা বলেন এবং ঘটনার সার্বিক খোঁজখবর নেন।

পরিদর্শনকালে প্রশাসনের পক্ষ থেকে মোহর আলীকে তাৎক্ষণিকভাবে নগদ ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি, ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এই বিভাগের আরো খবর

জনপ্রিয়