শুক্রবার, ফেব্রুয়ারি ২০, ২০২৬
Homeসারাদেশদক্ষিণ-পশ্চিমাঞ্চলযশোরের শার্শায় নামাজ শেষে ফেরার পথে চিকিৎসক খুন

যশোরের শার্শায় নামাজ শেষে ফেরার পথে চিকিৎসক খুন

স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরের শার্শা উপজেলায় নামাজ পড়ে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আল আমিন নামে এক চিকিৎসক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বারিপোতা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত আল আমিন নাভারন এলাকার রফিকুল ইসলামের ছেলে। তিনি স্থানীয়ভাবে চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে নামাজ আদায় শেষে বাড়ি ফেরার পথে একদল দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং প্রাথমিক আলামত সংগ্রহ করে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ মারুফ হাসান জানান, তিনি বর্তমানে ছুটিতে রয়েছেন। থানার দায়িত্বে থাকা তদন্ত কর্মকর্তা বিষয়টি দেখছেন। তিনি জানতে পেরেছেন, নামাজ পড়ে ফেরার পথে ওই চিকিৎসককে হত্যা করা হয়েছে।

শার্শা থানার ইন্সপেক্টর (তদন্ত) শাহ আলম বলেন, তিনি ঘটনাস্থলে পৌঁছে বিস্তারিত তথ্য সংগ্রহ করছেন। হত্যার পেছনের কারণ উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এই বিভাগের আরো খবর

জনপ্রিয়