বুধবার, মার্চ ২৫, ২০২৬
Homeসারাদেশদক্ষিণ-পশ্চিমাঞ্চলমাদক-সন্ত্রাস দমনে কোনো ছাড় নয়: প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

মাদক-সন্ত্রাস দমনে কোনো ছাড় নয়: প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

স্বাধীন কন্ঠ ডেস্ক
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা এবং রাজনৈতিক অঙ্গীকার হলো মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য থেকে সমাজকে মুক্ত করা। যে কোনো মূল্যে এই অঙ্গীকার বাস্তবায়ন করা হবে এবং মাদক-সন্ত্রাসীদের পক্ষে বিএনপি কোনো পৃষ্ঠপোষকতা করবে না।

শনিবার যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, মানুষের জন্য স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে। যশোর সীমান্তবর্তী এলাকা হওয়ায় এখানে মাদকের বিস্তার বেশি। তাই মাদক আসার রুটগুলো চিহ্নিত করে নজরদারি বাড়াতে হবে।

তিনি অভিযোগ করে বলেন, মাদক কারবারি ও সন্ত্রাসীরা প্রায়শই রাজনৈতিক, সামাজিক বা প্রশাসনিক পৃষ্ঠপোষকতা পায়। যারা আড়ালে থেকে এসব অপকর্মকে সমর্থন দেয়, তাদের চিহ্নিত করে তালিকা তৈরি করতে হবে।

দলের নেতাকর্মীদের উদ্দেশে কঠোর বার্তা দিয়ে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বিএনপির কোনো নেতাকর্মী মাদক বা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হলে কোনো ছাড় দেওয়া হবে না। কেউ এ ধরনের কর্মকাণ্ডে জড়ালে তিনি দলের আদর্শচ্যুত হবেন এবং তার দায় দল নেবে না।

প্রশাসনের উদ্দেশে তিনি বলেন, কেউ বিএনপি হওয়ার চেষ্টা করবেন না, পেশাদারিত্বের সঙ্গে কাজ করবেন। রাজনৈতিক বা ধর্মীয় বিশ্বাসের ভিন্নতার কারণে কেউ যেন জুলুমের শিকার না হন। প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সরকার আপনাদের সর্বাত্মক সহযোগিতা করবে।

জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান-এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার ও রুহুল আমিন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রফিকুল হাসান প্রমুখ।

সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, সীমান্ত এলাকায় মাদক নিয়ন্ত্রণ ও সন্ত্রাস দমনে সমন্বিত উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

এই বিভাগের আরো খবর

জনপ্রিয়