স্বাধীন কন্ঠ ডেস্ক
ইরানে ইসরাইল ও আমেরিকার আগ্রাসনের প্রতিবাদে যশোরে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ বিপ্লবী কমিউনিস্ট লীগ। রবিবার (১ মার্চ) দুপুরে শহরের প্রেসক্লাব যশোরের সামনে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় অর্ধশত নেতাকর্মী অংশ নেন। কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।
যশোর জেলা শাখার উদ্যোগে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা শাখার সাধারণ সম্পাদক তসলিমুর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও গণতান্ত্রিক যুক্তফ্রন্ট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সদস্য ইকবাল কবির জাহিদ।
এছাড়া বক্তব্য দেন জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য জিল্লুর রহমান ভিটু, জাতীয় শ্রমিক ফেডারেশন-এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নাজিম উদ্দিন, কেন্দ্রীয় কমিটির সদস্য প্রফেসর ইসরারুল হক ও নারী নেত্রী মনোয়ারা সিদ্দিকীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ইরানের স্কুলশিক্ষার্থী ও সাধারণ মানুষের ওপর ইসরাইল ও আমেরিকার হামলা আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের চরম লঙ্ঘন। তারা এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে আগ্রাসন বন্ধের দাবি জানান।
বক্তারা আরও বলেন, বিশ্ব শান্তি ও মানবতার স্বার্থে এ ধরনের সামরিক আগ্রাসন বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ভূমিকা নিতে হবে। তারা জাতিসংঘ-এর প্রতি কূটনৈতিক উদ্যোগ গ্রহণ ও ঘটনার নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ইরানের খনিজ সম্পদ দখলের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করছে বলেও বক্তারা অভিযোগ করেন।
সমাবেশ শেষে একটি সংক্ষিপ্ত মিছিল প্রেসক্লাব চত্বর প্রদক্ষিণ করে এবং শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত হয়। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগ্রাসন বন্ধ না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
