স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরে খেলাফত মজলিস জেলা শাখার উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পার্ক ভিউ কমিউনিটি সেন্টারে আয়োজিত এ মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর ও হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হুসাইন।
তিনি বলেন, রমজান যেমন আত্মশুদ্ধির মাস, তেমনি ঐতিহাসিকভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার শিক্ষা দেয়। আজ ১৭ রমজান ঐতিহাসিক বদর দিবস আমাদের সেই শিক্ষা স্মরণ করিয়ে দেয়। খেলাফত রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে যাকাতভিত্তিক সমাজ গড়ে তুলে দারিদ্র্য বিমোচন সম্ভব বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি মধ্যপ্রাচ্যে ইসরাইল ও মার্কিন হামলার তীব্র নিন্দা জানিয়ে অনতিবিলম্বে এ ধরনের হামলা ও গণহত্যা বন্ধে আন্তর্জাতিক সংস্থাগুলোর দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
যশোর জেলা সেক্রেটারি হাফেজ মাওলানা মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, যশোর জেলা ফতোয়া বোর্ডের সেক্রেটারি মুফতী আব্দুর রহমান এযাযী এবং যশোর দারুল উলুম মাদ্রাসার মুহতামিম মুফতী আব্দুল হান্নান।
এ সময় আরও উপস্থিত ছিলেন খেলাফত মজলিস যশোর জেলা শাখার সহ-সভাপতি মাওলানা মিজানুর রহমান, সহ-সভাপতি মাওলানা মাহবুবুর রহমান, সহ-সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা শেখ শিহাব উদ্দীন, ডা. মো. রফিকুল আলম, জেলা সাংগঠনিক সম্পাদক হাফেজ নুর মোহাম্মদ, জেলা উলামা বিষয়ক সম্পাদক মুফতী মাসউদুর রহমান, যশোর সদর উপজেলা শাখার সভাপতি হাফেজ মুশফিকুর রহমান, সাধারণ সম্পাদক মুফতী জহিরুল ইসলাম, যশোর নগর সভাপতি হাফেজ মাওলানা আব্দুর রহমান, শার্শা উপজেলা সভাপতি মাওলানা মাহবুবুল্লাহ, মণিরামপুর উপজেলা সভাপতি মাওলানা তবিবুর রহমান, কেশবপুর উপজেলা সভাপতি মাওলানা মো. সফিউল্লাহ, ছাত্র মজলিস জেলা সভাপতি মাসুম বিল্লাহ তামিম, নগর সেক্রেটারি হাফেজ মিরাজুল ইসলামসহ খেলাফত মজলিস, ইসলামী যুব মজলিস, শ্রমিক মজলিস ও ছাত্র মজলিসের বিপুল সংখ্যক নেতাকর্মী, উলামায়ে কেরাম ও সুধীজন।
ইফতারের আগে দেশ-জাতির কল্যাণ, বিশ্ব মুসলিম উম্মাহর মুক্তি কামনা এবং শাপলা চত্বর ও জুলাই গণআন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
