বুধবার, মার্চ ২৫, ২০২৬
Homeঅপরাধযশোরে অস্ত্র ও ককটেলসহ যুবক আটক:ফাঁসানোর অভিযোগে মানববন্ধন

যশোরে অস্ত্র ও ককটেলসহ যুবক আটক:ফাঁসানোর অভিযোগে মানববন্ধন

স্বাধীন কণ্ঠ ডেস্ক
যশোর শহরের বেজপাড়া এলাকা থেকে শাহরিয়াল ইসলাম রনি নামে এক যুবককে অস্ত্র ও ককটেলসহ আটক করেছে র‍্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার (১১ মার্চ) দুপুর ১টার দিকে বেজপাড়া টিবি ক্লিনিক এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক রনি ওই এলাকার মনিরুল শেখের ছেলে।

র‍্যাব সূত্রে জানা যায়, ওই বাড়িতে অবৈধ অস্ত্র মজুত রাখা হয়েছে এবং সেখানে অপরাধমূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানের সময় রনিকে আটক করা হয়। পরে তার ঘর তল্লাশি করে একটি দেশীয় পিস্তল, একটি ম্যাগাজিন ও দুটি ককটেল উদ্ধার করা হয়।

আটক রনিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

এদিকে রনিকে আটকের ঘটনায় প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। বুধবার দুপুরে প্রেসক্লাব যশোরের সামনে প্রায় ৩০ থেকে ৪০ জন এলাকাবাসী মানববন্ধনের জন্য সমবেত হন। তাদের দাবি, এলাকায় মাদক ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে গতকাল মানববন্ধন করা এবং প্রশাসনের সমালোচনা করায় রনিকে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালে টিবি ক্লিনিক মোড় এলাকায় সোলাইমান হোসেন নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়। সে সময়ও ওই এলাকায় মাদক ব্যবসাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল।

স্থানীয়দের অভিযোগ, শহরের টিবি ক্লিনিক এলাকা, রেলগেট, শংকরপুর, টালিখোলা, কলাবাগানপাড়া, ঘোপ বেলতলা, উপশহর ও পালবাড়ি মোড় এলাকায় দীর্ঘদিন ধরে মাদক সিন্ডিকেট সক্রিয় রয়েছে। এসব এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রায়ই হামলা, ছিনতাই, চুরি ও চাঁদাবাজির মতো ঘটনা ঘটছে।

এই বিভাগের আরো খবর

জনপ্রিয়