স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুর রশিদ (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় মো. অন্তর (২৪) নামে আরেকজন গুরুতর আহত হয়েছেন। সোমবার সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে যশোরের নওয়াপাড়া ইউনিয়নের পাঁচবাড়িয়া বেলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুর রশিদ সদর উপজেলার জোত রহিমপুর গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে। আহত অন্তর একই উপজেলার পাঁচবাড়িয়া গ্রামের জিয়াউর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুর রশিদ মোটরসাইকেলযোগে যশোর শহরের দিকে যাচ্ছিলেন। অপরদিকে অন্তর খাজুরা এলাকার দিকে যাচ্ছিলেন। পথে পাঁচবাড়িয়া বেলতলা এলাকায় পৌঁছালে দুই মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আব্দুর রশিদকে মৃত ঘোষণা করেন। আহত অন্তর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে কোতোয়ালি থানা পুলিশ জানায়, তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
