যশোরে রিকশাচালককে হত্যা করে রিকশা ছিনতাই, থানায় মামলা
স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরে রিকশাচালক আলমগীর হোসেন (৫৩) হত্যার ঘটনায় কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে। অজ্ঞাতনামা দুর্বৃত্তদের আসামি করে নিহতের স্ত্রী সাজেদা বেগম সোমবার (১৬ মার্চ) রাতে মামলাটি করেন।
এজাহার সূত্রে জানা যায়, সাজেদা বেগম নিহত আলমগীরের দ্বিতীয় স্ত্রী। তিনি একমাত্র ছেলে আলিফ হোসেন (১৫)কে নিয়ে শহরতলীর ঝুমঝুমপুর বাবলাতলা এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করেন। আলমগীর হোসেন পেশায় রিকশাচালক ছিলেন।
গত ১৫ মার্চ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি রিকশা নিয়ে ভাড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। রাত পৌনে ৮টার দিকে যশোর-মনিরামপুর সড়কের কানাইতলার অদূরে ভাটপাড়া গ্রামের একটি ইটভাটার প্রবেশমুখে তার রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী জানান, তার স্বামীর কোনো ব্যক্তিগত শত্রু ছিল না। ধারণা করা হচ্ছে, ছিনতাইয়ের উদ্দেশ্যে দুর্বৃত্তরা তার স্বামীকে রিকশাসহ ভাটপাড়া এলাকায় নিয়ে গিয়ে পেছন থেকে মাথায় লোহার মতো ভারী বস্তু দিয়ে আঘাত করে হত্যা করে এবং রিকশাটি ছিনিয়ে নেয়।
স্থানীয়দের অভিযোগ, একই এলাকায় কয়েকদিনের ব্যবধানে একাধিক ছিনতাই ও সহিংস ঘটনার কারণে আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত হত্যাকারীদের গ্রেফতার এবং ছিনতাই হওয়া রিকশা উদ্ধারের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মাসুম খানের বক্তব্য পাওয়া যায়নি।
তবে থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল জানান, ঘটনাস্থলটি নির্জন এবং আশপাশে কোনো বসতবাড়ি বা সিসিটিভি ক্যামেরা নেই। তিনি নিজেই মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব নিয়েছেন এবং ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছেন।

























