স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরের দড়াটানায় ইফতারি কিনতে যাওয়া এক গৃহবধূ অজ্ঞাতদুষ্কৃতির খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়েছেন। ভুক্তভোগী নারীর নাম জুলেখা খাতুন (৩৫)। যিনি শংকরপুর গোলপাতা মসজিদ এলাকার আব্দুল কুদ্দুসের স্ত্রী। শনিবার অজ্ঞাতনামা দুই থেকে তিনজনের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৯ মার্চ বিকেল সাড়ে ৪টার দিকে জুলেখা খাতুন দড়াটানা ভৈরব হোটেলের সামনে ইফতারি কিনতে যান। এ সময় অজ্ঞাত দুই থেকে তিনজন ব্যক্তি কৌশলে তাকে নেশাজাতীয় দ্রব্য দিয়ে অচেতন করার চেষ্টা করেন। পরে তাকে বিভিন্ন এলাকায় ঘুরিয়ে কালেক্টরেট ভবনের সামনে নিয়ে যাওয়া হয়। সেখানে তার ব্যবহৃত ২৩ হাজার ৯৯৯ টাকা মূল্যের রেডমি ১৫ টাচ মোবাইল ফোন, ৪ আনা ওজনের স্বর্ণের আংটি এবং ৭ আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। লুণ্ঠিত স্বর্ণালঙ্কারের বাজারমূল্য প্রায় দুই লক্ষ টাকা।
পরবর্তীতে জ্ঞান ফেরার পর জুলেখা খাতুন বিষয়টি পরিবারকে জানান। আত্মীয়-স্বজনদের সহায়তায় ছিনতাইকারীদের শনাক্তের চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়।
যশোর কোতোয়ালি থানার ডিউটি অফিসার মিজানুর রহমান জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত চলছে এবং দোষীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।
