শনিবার, মার্চ ২৮, ২০২৬
Homeসারাদেশদক্ষিণ-পশ্চিমাঞ্চলযশোরে যাত্রা শুরু করেছে নাগরিক সংঘ

যশোরে যাত্রা শুরু করেছে নাগরিক সংঘ

স্বাধীন কণ্ঠ ডেস্ক

যশোরে যাত্রা শুরু করেছে ‘যশোর নাগরিক সংঘ উন্মুক্ত মঞ্চ’ এবং ‘যশোর নাগরিক সংঘ রিডিং ক্লাব’। শুক্রবার বিকেলে শহরের লালদিঘির পাড় সংলগ্ন ব্রাদার টিটোস হোম স্কুল প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই দুই উদ্যোগের উদ্বোধন করা হয়।

আয়োজকরা জানান, সাধারণ মানুষের মতামত ও বক্তব্য তুলে ধরার একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে ‘উন্মুক্ত মঞ্চ’। পাশাপাশি চিন্তাশীল, সৃজনশীল ও কর্মমুখী প্রজন্ম গড়ে তোলার লক্ষ্য নিয়ে গড়ে তোলা হয়েছে ‘রিডিং ক্লাব’।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, জ্ঞাননির্ভর ও মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনে পাঠাভ্যাসের কোনো বিকল্প নেই। ইতিহাস, দর্শন ও সাহিত্য চর্চার মাধ্যমেই একটি মানবিক ও নৈতিক সমাজ বিনির্মাণ সম্ভব। সমাজ ও সভ্যতার অগ্রগতিতে বহুমুখী পঠনপাঠনের গুরুত্ব অপরিসীম বলেও তারা মত দেন।

যশোর নাগরিক সংঘের সমন্বয়ক আলী আজম টিটোর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন রিডিং ক্লাবের সমন্বয়ক সালমান হাসান রাজিব।

অনুষ্ঠানে অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য রাখেন জ্যেষ্ঠ আইনজীবী কাজী মুনিরুল হুদা, লেখক ও গবেষক বেনজীন খান, সাবেক জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জিল্লুর রশিদ এবং সাবেক ছাত্রনেতা আহাদ আলী মুন্না।

এছাড়া আরও বক্তব্য রাখেন এনসিপি নেতা মনিরুজ্জামান আজাদ, কবি মামুন আজাদ, সালমা আক্তার আশা, ছাত্রনেতা খান মিফতাহুল মোস্তাফিজ অমিত, সাংবাদিক উবাঈদ সামি, মোহাম্মদ ইয়ার আলী, কবি মনিরা খাতুন এবং তাাবিঈ আজম প্রমুখ।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এই দুটি উদ্যোগ যশোরে নাগরিক সচেতনতা বৃদ্ধি, মুক্তচিন্তার চর্চা এবং পাঠাভ্যাস গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই বিভাগের আরো খবর

জনপ্রিয়