রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
রামপালে মঙ্গলবার (৩১ মার্চ) বিকেল ৪টায় পেড়িখালী খেওয়াঘাট এলাকায় আন্তর্জাতিক পানি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সুপেয় পানি নিশ্চিতের দাবিতে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এই কর্মসূচি আয়োজন করে গ্লোবাল প্ল্যাটফর্ম বাংলাদেশ ও বাঁধন মানব উন্নয়ন সংস্থা এর সহযোগিতায় ইয়ুথ হাব রামপাল, এফএফসিআর যুব সংগঠন ও অভিযান যুব সংগঠন।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা প্ল্যাকার্ড, ব্যানার ও বার্তার মাধ্যমে পানি সংরক্ষণ এবং দূষণমুক্ত পানির গুরুত্ব তুলে ধরেন। আয়োজকরা বলেন, দক্ষিণাঞ্চলের অনেক এলাকায় এখনো সুপেয় পানির সংকট বিদ্যমান, যা মানুষের স্বাভাবিক জীবনযাপন ও স্বাস্থ্যের জন্য বড় চ্যালেঞ্জ।
অভিযান যুব সংগঠনের সভাপতি সুমিত ভট্টাচার্য বলেন, পানি শুধু একটি সম্পদ নয়, এটি আমাদের জীবনের অপরিহার্য অংশ। নিরাপদ পানির অধিকার নিশ্চিত করতে সবাইকে সচেতন হতে হবে।
এফএফসিআর যুব সংগঠনের সভাপতি মাহফুজ মাঝি বলেন, তরুণদের অংশগ্রহণ ছাড়া পানি সংরক্ষণ ও নিরাপদ পানির নিশ্চয়তা সম্ভব নয়।
এক্টিভিস্টা বাগেরহাট-এর সভাপতি অর্ণব মিস্ত্রী বলেন, গ্রাম পর্যায়ে এখনও অনেক মানুষ নিরাপদ পানির গুরুত্ব সম্পর্কে সচেতন নয়। এই ধরনের কার্যক্রম দৃষ্টিভঙ্গি পরিবর্তনে গুরুত্বপূর্ণ।
এক্টিভিস্টা রামপালের সাধারণ সম্পাদক রিয়া মন্ডল বলেন, পানি দূষণ রোধ ও সঠিক ব্যবহারের বিষয়ে এখনই সচেতন না হলে ভবিষ্যতে বড় সংকট দেখা দিতে পারে।
বাঁধন মানব উন্নয়ন সংস্থার ইয়ুথ পিয়ার গ্রুপ ফেলো রবিউল শেখ বলেন, নিরাপদ পানি শুধু স্থানীয় সমস্যা নয়, এটি একটি জাতীয় ইস্যু। তরুণদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে আমরা এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারি।
কর্মসূচিতে বাগেরহাট ও রামপাল এলাকার ৩০-এর বেশি যুব সদস্য, স্বেচ্ছাসেবক এবং স্থানীয় তরুণ-তরুণীরা অংশগ্রহণ করে সুপেয় পানির দাবিতে একাত্মতা প্রকাশ করেন।
