যশোর সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৯ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ
স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোর সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন বিপুল পরিমাণ মাদক ও চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্ট এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে এসব মালামাল উদ্ধার করে।
বিজিবি সূত্র জানায়, অভিযানে বিদেশি মদ ৪ বোতল, ভারতীয় ৯৪টি শাড়ি, ১ কেজি জিরা, ২ কেজি কিসমিস, ৩০টি বিভিন্ন খাদ্যসামগ্রী, ৮ হাজার ৯৫৮টি চকলেট এবং ৬৭৫টি কসমেটিকস পণ্য জব্দ করা হয়। জব্দকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ৮ লাখ ৯৫ হাজার ৪০০ টাকা।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরে চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অভিযান জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযানে এসব মালামাল জব্দ করা সম্ভব হচ্ছে।
তিনি আরও বলেন, সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
























