স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরের ঝিকরগাছা উপজেলায় অবৈধভাবে মজুত করা ৮০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে উপজেলার হাজিরবাগ ইউনিয়নের মাটিকোমরা গ্রামে অভিযান চালিয়ে এই তেল জব্দ করা হয়। এ সময় ঘটনায় জড়িত আব্দুল জব্বার নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাফফাত আরা সাঈদ। অভিযানে আব্দুল জব্বারের হেফাজত থেকে ৪টি ব্যারেলে সংরক্ষিত মোট ৮০০ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়।
পরবর্তীতে অভিযুক্ত আব্দুল জব্বার নিজের অপরাধ স্বীকার করায় তাকে ‘অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬’-এর ৫ ধারা লঙ্ঘনের দায়ে ১৩ ধারা অনুযায়ী ৬০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানার অর্থ অনাদায়ে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা নির্বাহী অফিসার সাফফাত আরা সাঈদ জানান, জব্দকৃত তেল নিকটস্থ একটি ফিলিং স্টেশনের ট্যাগ অফিসার ও উপসহকারী কৃষি কর্মকর্তা হাসানুজ্জামান পরাগের জিম্মায় রাখা হয়েছে। সরকারি নির্ধারিত মূল্যে সাধারণ মানুষের কাছে তেল বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
