যবিপ্রবিতে তিন দিন ব্যাপি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু
স্বাধীন কন্ঠ ডেস্ক
উৎসবমুখর ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) শুরু হয়েছে তিন দিন ব্যাপি ‘বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬’। শনিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা, বিশ্ববিদ্যালয় ও অলিম্পিকের পতাকা উত্তোলন এবং বেলুন-ফেস্টুন উড়িয়ে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীদের পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমের কোনো বিকল্প নেই। খেলাধুলা শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, ধৈর্য ও নেতৃত্বের গুণাবলী তৈরি করে, যা ভবিষ্যতে দেশ গঠনে সহায়ক ভূমিকা রাখবে। জয়-পরাজয়ের চেয়ে অংশগ্রহণকেই বড় করে দেখার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন। শরীরচর্চা শিক্ষা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. শাহেদুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, ক্রীড়া প্রতিযোগিতার সাংগঠনিক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. ওমর ফারুক।
এবারের প্রতিযোগিতায় মোট ৭৯টি ইভেন্টে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করছেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিচারকদের পক্ষে শপথ পাঠ করান প্রভাষক ফাতেমা তুজ জোহরা মুক্তা ও শ্রী অমিতাভ সরকার। খেলোয়াড়দের পক্ষে শপথ বাক্য পাঠ করেন দেশের দ্রুততম মানবী শিরিন আক্তার ও শিক্ষার্থী সৌরভ বিশ্বাস।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শরীরচর্চা শিক্ষা দপ্তরের ফিজিক্যাল ইনস্ট্রাক্টর মো. রায়হান রাকিব। আগামী ২০ এপ্রিল পুরস্কার বিতরণের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এই ক্রীড়া উৎসবের সমাপ্তি ঘটবে।























