মণিরামপুরে হামলায় দোষীদের গ্রেফতারের দাবি জামায়াতের
স্বাধীন কণ্ঠ ডেস্ক
যশোরের মণিরামপুরে হামলার ঘটনায় সংবাদ সম্মেলন করে জড়িতদের গ্রেফতারসহ তিন দফা দাবি জানিয়েছে উপজেলা জামায়াতে ইসলামী। শুক্রবার (১ মে) বিকেল সাড়ে ৫টায় যশোর প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যশোর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক।
লিখিত বক্তব্যে উপজেলা জামায়াতের আমির অধ্যাপক ফজলুল হক অভিযোগ করেন, বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় মণিরামপুরে জামায়াতের নেতাকর্মীদের ওপর বিএনপির অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতাদের নেতৃত্বে হামলা চালানো হয়। এতে জেলা জামায়াতের শুরা সদস্য মাওলানা মহিউল ইসলাম, উপজেলা সহকারী সেক্রেটারি আহসান হাবীব লিটন, ইঞ্জিনিয়ার ফারুক হোসেন ও রেজাউলসহ অন্তত ১৫ থেকে ২০ জন আহত হন।
তিনি আরও অভিযোগ করেন, হামলাকারীরা উপজেলা জামায়াত কার্যালয়ে ভাঙচুর চালায়। পরে রাত সাড়ে ১০টার দিকে নেতাকর্মীরা বাড়ি ফেরার পথে মণিরামপুর সরকারি হাসপাতালের সামনে আবারও হামলার শিকার হন। এ সময় উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা লিয়াকত আলীকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে দাবি করা হয়। গুলি লক্ষ্যভ্রষ্ট হলেও এক কর্মী পায়ে গুলিবিদ্ধ হন এবং আরও কয়েকজন আহত হন।
সংবাদ সম্মেলনে বলা হয়, প্রশাসনের সময়মতো কার্যকর ভূমিকা না থাকায় পরিস্থিতির অবনতি ঘটে। পাশাপাশি ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করতে ‘মাটি বিক্রির টাকা ভাগাভাগি’ সংক্রান্ত বিরোধ হিসেবে প্রচার করা হচ্ছে বলেও অভিযোগ করা হয়।
তবে বিএনপির পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সংবাদ সম্মেলনে তিন দফা দাবি তুলে ধরা হয়— হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা, ভাঙচুরকৃত কার্যালয়ের ক্ষতিপূরণ প্রদান এবং ৪৮ ঘণ্টার মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ। অন্যথায় উদ্ভূত পরিস্থিতির জন্য প্রশাসনকে দায়ী করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।

























