অসম মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে যশোরে প্রতিবাদ সমাবেশ
স্বাধীন কন্ঠ ডেস্ক
দেশবিরোধী ও অসম মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট, যশোর জেলার উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৫টায় যশোর শহরের দড়াটানা ভৈরব চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা আইনজীবী ভবনের সামনে গিয়ে শেষ হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন কমরেড ইঞ্জিনিয়ার আবু হাসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিপিবি নেতা মুহিবুল্লাহ।
সমাবেশে বক্তব্য রাখেন বাসদ নেতা অ্যাডভোকেট ইমরান খান, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন যশোর জেলা সংসদের সভাপতি রাশেদ খান, বাসদ জেলা কমিটির সদস্য সচিব কমরেড হাসিনুর রহমান, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা কমরেড তসলিম উর রহমান, প্রফেসর ইসরারুল হক এবং সিপিবি যশোর জেলা কমিটির সভাপতি মাহবুবুর রহমান মজনু।
বক্তারা বলেন, দেশের স্বার্থবিরোধী যেকোনো অসম ও সাম্রাজ্যবাদী চুক্তি জনগণ মেনে নেবে না। তারা অবিলম্বে প্রস্তাবিত মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবি জানান। একইসঙ্গে দেশের অর্থনৈতিক স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা।























