যশোরে বজ্রপাতে কিশোর নিহত,আহত ১
স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের চান্দুটিয়া গ্রামে বজ্রপাতে এক কিশোরের মৃত্যু হয়েছে। একই ঘটনায় একজন ব্যক্তি গুরুতর আহত হয়ে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার দুপুরে উপজেলার চান্দুটিয়া পশ্চিম মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো. রয়েল (১৭)চান্দুটিয়া গ্রামের মধ্যপাড়ার বাসিন্দা শিপনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বজ্রপাতের ঘটনায় সে ঘটনাস্থলেই মারা যায়।
এদিকে একই ঘটনায় আহত হয়েছেন আব্দুর রশিদ (৪৫)। তিনি চান্দুটিয়া গ্রামের আব্দুস সালামের ছেলে। জানা গেছে, শনিবার আনুমানিক বেলা ৩টার দিকে চান্দুটিয়া পশ্চিম মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে তিনি আহত হন।
পরে এক পাওয়ার ট্রিলার চালক মাঠ থেকে ফেরার সময় তাকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যদের খবর দেন। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থল থেকে উদ্ধার করে তাকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে পরিবার সূত্রে জানা গেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

























