এমএম কলেজে নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। সোমবার কলেজের ১৯টি বিভাগে পৃথকভাবে এ ওরিয়েন্টেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন প্রায় তিন হাজার নবাগত শিক্ষার্থীকে ফুল দিয়ে বরণ করে নেয় সংশ্লিষ্ট বিভাগগুলোর শিক্ষক ও কলেজ কর্তৃপক্ষ।
সকাল থেকেই কলেজের পাঁচটি একাডেমিক ভবনে উৎসবমুখর পরিবেশে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানানো হয়। ওরিয়েন্টেশন অনুষ্ঠানে শিক্ষার্থীদের কলেজের শিক্ষা কার্যক্রম, নিয়ম-কানুন, সহশিক্ষা কার্যক্রম এবং ভবিষ্যৎ শিক্ষাজীবন সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।
সমাজবিজ্ঞান বিভাগের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কলেজের অধ্যক্ষ প্রফেসর এস. এ. শফিকুল ইসলাম বলেন, উচ্চশিক্ষা গ্রহণের মাধ্যমে নবাগত শিক্ষার্থীরা একদিন দক্ষ মানবসম্পদে পরিণত হবে। তারাই ভবিষ্যতে দেশ ও সমাজকে সামনের দিকে এগিয়ে নেবে।
তিনি শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনের জন্য নিয়মিত ক্লাসে উপস্থিত থাকার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শৃঙ্খলাবোধ, নৈতিকতা ও দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে কলেজের উপাধ্যক্ষ প্রফেসর একেএম রফিকুল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে শুভেচ্ছা ও দিকনির্দেশনামূলক বক্তব্য দেন জাতীয়তাবাদী ছাত্রদলের জেলা ও কলেজ শাখার নেতৃবৃন্দ এবং ইসলামী ছাত্রশিবিরের কলেজ শাখার নেতৃবৃন্দ।
দিনব্যাপী আয়োজিত এ ওরিয়েন্টেশন অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। নতুন শিক্ষাবর্ষের শুরুতেই কলেজ পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভ্যর্থনা পেয়ে শিক্ষার্থীরা আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেন।
কলেজ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা ও সুষ্ঠু শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি সবসময় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।























