নাতনিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় রাজমিস্ত্রীকে কুপিয়ে হত্যা
স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরের মনিরামপুরে ইমামুল হোসেন (৫০) নামে এক রাজমিস্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নাতনিকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছে নিহতের পরিবার।
সোমবার (৮ জুন) রাত ৯টার দিকে উপজেলার রোহিতা ইউনিয়নের স্মরণপুর গ্রামের আব্দুল মতিনের দোকানের পেছনে এ ঘটনা ঘটে।
নিহত ইমামুল হোসেন ঝিকরগাছা উপজেলার ফারাসাতপুর গ্রামের মৃত রহিম সর্দারের ছেলে। তার মরদেহ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিহতের ভাগ্নে সাদ্দাম হোসেন জানান, ইমামুলের নাতনি সুমাইয়াকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল ফারাসাতপুর গ্রামের মফিজুল ইসলামের ছেলে রাব্বি। গত বৃহস্পতিবার মেয়েটিকে প্রকাশ্যে ধর্ষণের হুমকিও দেওয়া হয়। এ ঘটনার প্রতিবাদ করায় রাব্বি ও তার সহযোগীরা ইমামুলের ওপর ক্ষুব্ধ হয়ে ওঠে।
সোমবার রাতে স্মরণপুর গ্রামের আব্দুল মতিনের দোকানের পেছনে একা পেয়ে রাব্বি, রবিউল, হুসাইন, মেহেদীসহ কয়েকজন তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, রাত ১০টা ৪৫ মিনিটের দিকে ইমামুল হোসেনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
মনিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ বলেন, নাতনিকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় ইমামুল হোসেনকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

























