যশোরে ফ্যামিলি কার্ডের নামে প্রতারণার অভিযোগে নারী কারাগারে
নিজস্ব প্রতিবেদক
যশোর শহরতলীর আরবপুর ইউনিয়নের সুজলপুর এলাকায় ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে স্থানীয় নারীদের কাছ থেকে অর্থ আত্মসাতের অভিযোগে মমতাজ বেগম নামে এক নারীকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
মামলার বাদী শহরতলীর খোলাডাঙা গ্রামের বাসিন্দা সাহিদা ইয়াসমিন। মামলার অভিযোগে জানা যায়, গত ১৫ জুন দুপুরে সুজলপুর জামতলা মোড়ে মমতাজ বেগম নিজেকে ফ্যামিলি কার্ড কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি পরিচয় দিয়ে স্থানীয় নারীদের কাছ থেকে টাকা সংগ্রহের চেষ্টা করেন। তিনি দাবি করেন, ২০০ টাকা জমা দিলে ফ্যামিলি কার্ড পাওয়া যাবে এবং পরবর্তীতে সরকারি আর্থিক সহায়তা পাওয়া যাবে।
পুলিশ সূত্রে জানা গেছে, বিশ্বাসযোগ্যতা তৈরির জন্য মমতাজ বেগম বিভিন্ন ফরম, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও ছবি উপস্থিত ব্যক্তিদের দেখান। বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাকে আটক করে সংশ্লিষ্ট জনপ্রতিনিধিকে খবর দেন।
খবর পেয়ে সংরক্ষিত মহিলা সদস্য ঘটনাস্থলে যান এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে অবহিত করা হয়। পরে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মমতাজ বেগমকে হেফাজতে নেয়।
এ সময় তার কাছ থেকে ৮টি ভিডব্লিউবি কার্ড, মহিলা উন্নয়ন সংগঠনের বিভিন্ন ফরম, কয়েকজনের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, পাঁচ কপি রঙিন ছবি এবং নগদ ৬০০ টাকা উদ্ধার করা হয়।
আটক মমতাজ বেগমকে মঙ্গলবার বিকেলে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

























