যশোরে ৭ কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণের চালান জব্দ, আটক ২
নিজস্ব প্রতিবেদক
যশোরে প্রায় ৭ কোটি ৬৮ লাখ টাকা মূল্যের ৩ কেজি ৬৪১ গ্রাম ওজনের ৩১টি স্বর্ণের বার, একটি প্রাইভেট কার, তিনটি মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন নড়াইল জেলার নড়াগাতি থানার খাসিয়াল গ্রামের খন্দকার মাহাবুবুল হক (৪৫) এবং যশোর সদর উপজেলার বড় ভেকুটিয়া এলাকার মো. আনিস (৩৬)। শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এ তথ্য জানিয়েছে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ২টার দিকে যশোর-নড়াইল মহাসড়কে যশোর ব্যাটালিয়নের ১ নম্বর গেটের সামনে অভিযান পরিচালনা করে বিজিবির একটি বিশেষ টহল দল। এ সময় একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ৩ কেজি ৬৪১ গ্রাম ওজনের ৩১টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। একই সঙ্গে গাড়িতে থাকা দুই ব্যক্তিকে আটক করা হয়।
উদ্ধার হওয়া স্বর্ণের বারের মূল্য ৭ কোটি ১৩ লাখ ৪৫ হাজার ৩৯৫ টাকা। এছাড়া জব্দ করা প্রাইভেট কারের মূল্য ৫৪ লাখ ৫০ হাজার টাকা, তিনটি মোবাইল ফোনের মূল্য ৩৬ হাজার টাকা এবং নগদ ৪ হাজার ৮১৫ টাকা উদ্ধার করা হয়েছে। সব মিলিয়ে জব্দকৃত মালামালের মোট বাজারমূল্য দাঁড়িয়েছে ৭ কোটি ৬৮ লাখ ৩৬ হাজার ২১০ টাকা।
বিজিবি আরও জানায়, উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) কর্তৃক পরীক্ষার মাধ্যমে খাঁটি স্বর্ণ হিসেবে নিশ্চিত করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, তারা ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করেন। পরে সড়কপথে ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পাচারের পরিকল্পনা ছিল তাদের।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। উদ্ধারকৃত স্বর্ণ ও অন্যান্য আলামত যশোর কোতয়ালী থানার মাধ্যমে ট্রেজারিতে জমা দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে।























