যশোর সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে আটক ২
নিজস্ব প্রতিবেদক
যশোর সীমান্তে অভিযান চালিয়ে দুইজনকে আটকসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।মঙ্গলবার যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর বিশেষ টহলদল, ঘিবা বিওপি, বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্টের সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করে।
জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় ১২ কেজি গাঁজা, ১৮টি শাড়ি, ৫টি থ্রি-পিস, একটি কম্বল, ৯টি তৈরি পোশাক, ৬৪টি ধুতি, ২ কেজি জিরা, ১২ প্যাকেট ফুসকা, ২টি মোবাইল ফোন, ৫৬টি চকলেট এবং ৩০৭টি বিভিন্ন ধরনের কসমেটিকস সামগ্রী। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৭ লাখ ৭ হাজার ৭৮০ টাকা। আটককৃতরা হলেন, ঝিকরগাছা উপজেলার বতখানা গ্রামের জাহিদুল ইসলাম (৩৫), ঢাকার ধানমন্ডি থানার অফিস মোড় এলাকার বাসিন্দা অনিরুদ্ধ দাস অনি (৪৫)।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম দীর্ঘদিন ধরে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা সম্ভব হচ্ছে।
তিনি আরও বলেন, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শেষে থানায় হস্তান্তর করা হয়েছে।
























