শার্শায় সাতটি চোরাই মোবাইলসহ যুবক গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
যশোরের শার্শা উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে সাতটি চোরাই মোবাইল ফোনসহ আব্দুল কাদের (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে শার্শা থানা পুলিশ। গ্রেপ্তার আব্দুল কাদের নাভারণ রেল বাজার এলাকার (নাভারণ গরুর হাটের পেছনে) বাসিন্দা। তার পালিত পিতা সালাম গাজী।
বৃহস্পতিবার সকালে শার্শা থানার ডকের বাগান এলাকায় অভিযান পরিচালনা করেন থানার উপ-পরিদর্শক শেখ জাহিদুল আলমের নেতৃত্বে পুলিশের একটি দল। এ সময় স্থানীয় জনগণের সহায়তায় আটক আব্দুল কাদেরকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুল কাদেরের দেওয়া তথ্যের ভিত্তিতে শার্শা উপজেলার নাভারণ রেল বাজার এলাকার (নাভারণ গরুর হাটের পেছনে) তার বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে বিভিন্ন মডেলের পাঁচটি স্মার্টফোন ও দুটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধার করা মোবাইলগুলো চোরাই বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে পুলিশ।
শার্শা থানা পুলিশ জানায়, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বৃহস্পতিবারই গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলোর প্রকৃত মালিক শনাক্তের কাজ চলমান রয়েছে।
























