যবিপ্রবিতে প্রথমবারের মতো আন্তর্জাতিক ‘রাইকন’ সম্মেলন
নিজস্ব প্রতিবেদক
প্রথমবারের মতো যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ম আইইইই আন্তর্জাতিক রোবোটিক্স, অটোমেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ইন্টারনেট অব থিংস সম্মেলন। আগামী ১৮ ও ১৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সশরীরে (অনসাইট) ও অনলাইন—উভয় মাধ্যমে এই আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে।
আইইইই বাংলাদেশ সেকশন এবং আইইইই রোবোটিক্স অ্যান্ড অটোমেশন সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টারের যৌথ আয়োজনে এ সম্মেলনে দেশ-বিদেশের গবেষক, শিক্ষক, শিক্ষার্থী ও প্রযুক্তি পেশাজীবীরা অংশগ্রহণ করবেন।
আয়োজক সূত্রে জানা গেছে, এই সম্মেলনটি রোবোটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা , ইন্টারনেট অব থিংস, অটোমেশন এবং সংশ্লিষ্ট প্রযুক্তি বিষয়ে গবেষণা, উদ্ভাবন ও জ্ঞান বিনিময়ের একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। সম্মেলনে রোবট নকশা, রোবটের গতিবিদ্যা, মেশিন লার্নিং, স্মার্ট ম্যানুফ্যাকচারিং, স্বয়ংচালিত যানবাহন, বায়ো-রোবোটিক্স, সাইবার নিরাপত্তা, স্মার্ট হোম অটোমেশন, টেকসই প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ও আইওটির সমন্বয়সহ বিভিন্ন অত্যাধুনিক বিষয়ে গবেষণাপত্র উপস্থাপনের সুযোগ থাকবে। সম্মেলনে গৃহীত মানসম্মত গবেষণাপত্রগুলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত ‘আইইইই এক্সপ্লোর ডিজিটাল লাইব্রেরি’তে প্রকাশের জন্য বিবেচিত হবে।
সম্মেলনের কনফারেন্স চেয়ার এবং যবিপ্রবির প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. ইঞ্জি. ইমরান খান বলেন, “বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো আইইইই আন্তর্জাতিক সম্মেলন আয়োজন আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এ ধরনের আয়োজনের মাধ্যমে দেশি-বিদেশি গবেষকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পাবে, নতুন গবেষণা বিনিময় হবে এবং বৈশ্বিক প্রযুক্তিগত অগ্রগতি সম্পর্কে জানার দারুণ সুযোগ সৃষ্টি হবে।”
এছাড়া সম্মেলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উৎসাহিত করতে স্টুডেন্ট ট্রাভেল গ্রান্ট, সেরা গবেষণাপত্র এবং সেরা উপস্থাপনা পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে।
আয়োজক কমিটি জানিয়েছে, সম্মেলনে অংশগ্রহণের জন্য গবেষণাপত্র জমা দেওয়ার শেষ সময় আগামী ৮ জুলাই ২০২৬। প্রাথমিক বাছাই শেষে গ্রহণযোগ্য গবেষণাপত্রের তালিকা প্রকাশ করা হবে ১৮ আগস্ট। পরবর্তীতে চূড়ান্ত (ক্যামেরা-রেডি) গবেষণাপত্র জমা এবং লেখক নিবন্ধনের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ৩০ আগস্ট ২০২৬।#



























