যশোরে পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ও নিষিদ্ধ কফ সিরাপসহ আটক ৩
নিজস্ব প্রতিবেদক
যশোরের চৌগাছা ও শার্শা উপজেলায় পৃথক মাদকবিরোধী অভিযানে ৩৮০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ৪৫ বোতল ভারতীয় কফ সিরাপসহ তিনজনকে আটক করেছে পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
আটক ব্যক্তিরা হলেন, চৌগাছা উপজেলার বাকপাড়া গ্রামের আলমগীর হোসেন ওরফে আলম (৫৪), সিংহঝুলি মাঠপাড়া এলাকার আব্দুর রাজ্জাক (৫০) এবং শার্শা উপজেলার মহিষাকুড়া দক্ষিণপাড়া গ্রামের হাবিবুর রহমান (৪২)।
পুলিশ ও ডিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৯ জুলাই) রাত ৮টা ২৫ মিনিটে চৌগাছা থানা পুলিশের একটি দল বাকপাড়া গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ির সামনে থেকে আলমগীর হোসেন আলমকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৩৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। শুক্রবার (১০ জুলাই) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
একই দিন বিকেল ৫টা ২০ মিনিটে ডিবি যশোরের একটি দল চৌগাছার সিংহঝুলি মাঠপাড়া এলাকায় অভিযান চালায়। সেখান থেকে ২৫ বোতল ভারতীয় ‘এসকাফ’ কফ সিরাপসহ আব্দুর রাজ্জাককে আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এর আগে, গত ৬ জুলাই শার্শা উপজেলার মহিষাকুড়া দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২০ বোতল ‘উইংস’ কফ সিরাপসহ হাতেনাতে আটক করা হয় হাবিবুর রহমানকে। পরদিন তাকে আদালতে পাঠানো হয়।
পুলিশ জানিয়েছে, জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।























