বেনাপোলে ইয়াবাসহ দুই নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশ অভিযান চালিয়ে ৭১ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৯ হাজার ৭৪০ টাকাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
শনিবার (১৮ জুলাই) রাতে বেনাপোল পোর্ট থানাধীন নারায়ণপুর কেলেরকান্দা গ্রামের ফিরোজের বসতবাড়ির শয়নকক্ষ থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, নারায়ণপুর কেলেরকান্দা গ্রামের ফিরোজের স্ত্রী সালমা খাতুন (৩৮) এবং একই গ্রামের শহীদ হোসেনের স্ত্রী আমেনা খাতুন (৪৫)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার এসআই (নিঃ) মোহাম্মদ মামুন শেখ সঙ্গীয় অফিসার, ফোর্স ও নারী পুলিশের সহায়তায় নারায়ণপুর কেলেরকান্দা গ্রামে ফিরোজের বাড়িতে অভিযান চালান। এ সময় সালমা ও আমেনাকে ৭১ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ১৯,৭৪০ টাকাসহ হাতেনাতে আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর এক আসামি সুকৌশলে পালিয়ে যায়।
বেনাপোল পোর্ট থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আজ রোববার (১৯ জুলাই) বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
























