যশোরে ইভেন্ট ব্যবসায়ী আদিত্যকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক
যশোরের ঐতিহ্যবাহী ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ‘ওয়েডিং টাচ’-এর স্বত্বাধিকারী আদিত্য অধিকারীকে ব্যবসায়িক মালামাল লুট ও পরিবারসহ প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানবেতর কর্মসূচির আয়োজন করা হয়েছে। একই সঙ্গে ঘটনার সমাধানের চেষ্টাকালে ব্যবসায়ী নেতাদের অকথ্য ভাষায় গালিগালাজ করার তীব্র নিন্দা ও জড়িতের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ক্ষুব্ধ ব্যবসায়ীরা।
বুধবার (২২ জুলাই) বিকেল ৪টায় প্রেসক্লাব যশোরের সামনে যশোর জেলা সাউন্ড লাইট মালিক কল্যাণ সমিতি যশোর ইভেন্ট ম্যানেজমেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন এবং যশোর জেলা ডেকোরেটর মালিক কল্যাণ সমিতির যৌথ উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা জানান, গত ১৬ জুলাই সকালে মাগুরা জজ কোর্ট এলাকার ‘শ্রাবণী ডেকোরেটর’-এর স্বত্বাধিকারী মাসুম বিল্লাহ ফোন করে আদিত্য অধিকারীকে মাগুরায় ব্যবসা বা কাজ করতে নিষেধ করেন। এ সময় তিনি আদিত্যকে অকথ্য ভাষায় গালিগালাজ করার পাশাপাশি মাগুরায় ঢুকতে না দেওয়া, মালামাল লুট এবং পরিবারসহ হত্যার হুমকি দেন। পরবর্তীতে হুমকির সেই অডিও রেকর্ডটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় আদিত্য অধিকারী যশোর কোতোয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
বক্তারা অভিযোগ করে বলেন, ন্যক্কারজনক এ ঘটনার সুরাহার চেষ্টা করা হলে অভিযুক্ত মাসুম বিল্লাহ মধ্যস্থতাকারী যশোর জেলা সাউন্ড লাইট মালিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম হোসেন হীরা এবং বাংলাদেশ সাউন্ড লাইট লজিস্টিকস অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি রবিউল ইসলাম গাজীকেও অকথ্য ভাষায় গালিগালাজ করেন।
সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন, মাসুম বিল্লাহ একজন চিহ্নিত প্রতারক। একের পর এক ব্যবসায়ী নেতাকে হুমকি দিলেও তাকে থামানো যাচ্ছে না। অবিলম্ব তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং তাকে আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি জানান তারা।
মানববন্ধনে যশোর জেলা সাউন্ড লাইট মালিক কল্যাণ সমিতির সভাপতি শ্রী গোলক চন্দ্র দত্ত, সহ-সভাপতি মো. ইদ্রিস আলী, সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম হোসেন হীরা, যশোর ইভেন্ট ম্যানেজমেন্ট ওনার্স অ্যাসোসিয়েশনের উপদেষ্টা সুজন কুমার রায়, আহ্বায়ক হারুন-অর-রশিদ, সদস্য সচিব সাজেদুর রহমান অপু, যশোর জেলা ডেকোরেটর মালিক কল্যাণ সমিতির সভাপতি দেলোয়ার হোসেন ও যুগ্ম সম্পাদক আকবর হোসেনসহ তিনটি সংগঠনের বিভিন্ন স্তরের শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

























