হবিগঞ্জে এনসিপির নেতাকর্মীর ওপর হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ
নিজস্ব প্রাতবেদক
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পদযাত্রা কর্মসূচিতে দলের মুখ্য সংগঠক সারজিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীর গাড়িবহরে হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে যশোর জেলা এনসিপির উদ্যোগে শহরের কেন্দ্রস্থলে এই কর্মসূচি পালিত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, হবিগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচিতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের ওপর এই ন্যক্কারজনক হামলা গণতান্ত্রিক চর্চা ও রাজনৈতিক সহনশীলতার স্পষ্ট পরিপন্থী। এ ধরনের আক্রমণ রাজনৈতিক কর্মসূচির সাংবিধানিক অধিকারে বাধা দেয় এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা মাত্র। বক্তারা অবিলম্বে হামলায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসাথে সকল দলের শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচির নিরাপত্তা নিশ্চিত করা ও সহিংসতা বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপের আহ্বান জানান।
সমাবেশ শেষে নেতাকর্মীরা হামলার প্রতিবাদ এবং রাজনৈতিক সহিংসতা বন্ধের দাবিতে বিভিন্ন স্লোগানসহ এক বিক্ষোভ মিছিলে অংশ নেন। পরে শান্তিপূর্ণভাবে কর্মসূচির সমাপ্তি ঘটে।
যশোর জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী নুরুজ্জামান, যুগ্ম সমন্বয়কারী সাজিদ সারোয়ার, মনিরুজ্জামান আজাদ ও সালমা আক্তার আশার পরিচালনায় সমাবেশে জেলা এনসিপি এবং অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এতে জাতীয় যুবশক্তি যশোর জেলা শাখার আহ্বায়ক মো. ইমদাদ হুসাইন ও যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল নাদিমসহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

























