স্বাধীন কন্ঠ ডেস্ক
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সদস্য করার বিনিময়ে ৩ কোটি টাকা দাবি করার অভিযোগ তোলায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইনের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আগামী সাত দিনের মধ্যে এই অভিযোগের সপক্ষে উপযুক্ত প্রমাণ উপস্থাপন করার অথবা বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার কথা বলা হয়েছে নোটিশে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই আইনি নোটিশ পাঠানোর তথ্য নিশ্চিত করেন আসিফ মাহমুদ।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জুলাই গণ-অভ্যুত্থানের পর থেকে একটি রাজনৈতিক স্বার্থান্বেষী মহল ও পরাজিত শক্তি আন্দোলনের নেতৃত্বদানকারীদের বিরুদ্ধে ধারাবাহিক অপপ্রচার ও চরিত্রহননের অপচেষ্টা চালিয়ে আসছে। গত দুই বছরে আসিফ মাহমুদের বিরুদ্ধে নানাবিধ বিভ্রান্তিকর অভিযোগ তোলা হলেও আজ পর্যন্ত কেউ কোনো সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ হাজির করতে পারেনি।
সম্প্রতি একটি পাবলিক অনুষ্ঠানে বিএনপির এমপি বীথিকা বিনতে হোসাইন দাবি করেন যে, বিসিবির সদস্য বানানোর বিনিময়ে তার কাছ থেকে আসিফ মাহমুদ ৩ কোটি টাকা ঘুষ চেয়েছিলেন। অভিযোগের সত্যতা ও প্রমাণ চেয়ে আসিফ মাহমুদের পক্ষ থেকে একাধিকবার তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে ব্যর্থ হন এবং একপর্যায়ে যোগাযোগ বন্ধ করে দেন। ফলে এটি একটি সুপরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার হিসেবে গণ্য করা হচ্ছে।
আইনি নোটিশে উল্লেখ করা হয়েছে, আগামী সাত দিনের মধ্যে সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইন তার অভিযোগের সপক্ষে দাপ্তরিক প্রমাণ দেখাতে ব্যর্থ হলে এবং প্রকাশ্যে ক্ষমা না চাইলে, প্রচলিত আইনে তার বিরুদ্ধে মানহানির মামলাসহ কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জুলাই বিপ্লবের নেতৃত্ব ও অর্জনকে ক্ষুণ্ন করতে চলা এ ধরনের মিথ্যাচারের জবাব এখন থেকে নিয়মিত আইনি প্রক্রিয়াতেই দেওয়া হবে।

Reporter Name 























