ভারতগামী যাত্রীদের নিরাপত্তা ও সেবা বৃদ্ধি করা হবে: বেনাপোলে এসবি প্রধান
নিজস্ব প্রতিবেদক
বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শন করেছেন পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান ও অতিরিক্ত আইজিপি সারদার নুরুল আমিন। শনিবার সকালে তিনি বেনাপোল পৌঁছান। পরিদর্শনকালে তিনি ইমিগ্রেশনের সার্বিক কার্যক্রম, যাত্রীসেবার মান, সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা ও পাসপোর্ট যাত্রীদের যাতায়াতের সার্বিক খোঁজখবর নেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসবি প্রধান সারদার নুরুল আমিন বলেন, প্রতিবেশী দেশ ভারত ট্যুরিস্ট ভিসা চালু করায় বাংলাদেশ থেকে অনেক যাত্রী ভারতে যাবেন এবং ভারত থেকেও দর্শনার্থীরা বাংলাদেশে আসবেন। যাতায়াতকারী এসব যাত্রীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে যাবতীয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
যাত্রীসেবার মান বৃদ্ধির বিষয়ে আলোকপাত করে তিনি জানান, বেনাপোল-কলকাতা রেল যোগাযোগ দ্রুত চালুর বিষয়ে রেল মন্ত্রণালয়ের সচিবকে অবহিত করা হবে। এটি চালু হলে দুই দেশের যাত্রীদের যাতায়াত আরও অনেক সহজ ও স্বাচ্ছন্দ্যময় হবে।
এসবি প্রধানের এই পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শাখাওয়াত হোসেন, নাভারন সার্কেলের পুলিশ সুপার আরিফ হোসেন, বেনাপোল ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাইফুর রহমান খান এবং বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা ইমিগ্রেশনের বর্তমান কর্মপরিবেশ ও যাত্রীসেবা সংক্রান্ত বিভিন্ন দিক এসবি প্রধানের কাছে তুলে ধরেন।

























