বাঘারপাড়ায় নিজ ঘর থেকে মা ও ছেলের মরদেহ উদ্ধার, হত্যার সন্দেহ
নিজস্ব প্রতিবেদক
যশোরের বাঘারপাড়া উপজেলায় নিজ বসতঘর থেকে জুবায়দা খাতুন (৩২) ও তার ছয় বছর বয়সী ছেলে জিসানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত ১০টার দিকে উপজেলার দোহাকুলা ইউনিয়নের খলশী গ্রামের দক্ষিণপাড়ায় এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়দের প্রাথমিক ধারণা, এটি কোনো হত্যাকাণ্ড হতে পারে।
নিহত জুবায়দা খাতুন ওই গ্রামের প্রবাসফেরত জাকির হোসেনের স্ত্রী। জাকির হোসেন প্রায় এক বছর আগে দেশে ফিরে স্থানীয় বহরামপুর বাজারে ব্যবসা শুরু করেন। ঘটনার সময় তিনি ব্যবসাপ্রতিষ্ঠানে ছিলেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে পরিবারের সদস্যদের অলক্ষ্যে ঘরের ভেতর মা ও ছেলের নিথর দেহ দেখতে পেয়ে প্রতিবেশীরা পুলিশে খবর দেন। রাত ১০টার দিকে বাঘারপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে।
ঘটনাস্থলে যাওয়া স্থানীয় পশু চিকিৎসক আক্তার হোসেন জানান, খাটের ওপর শিশু জিসানের হাত-পা গামছা দিয়ে বাঁধা অবস্থায় পড়ে ছিল। একই খাটে জুবায়দার মরদেহ ছিল, যার গলায় ওড়না পেঁচানো এবং ওড়নার দুই প্রান্ত তার দুই হাতে ধরা ছিল।
মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মরদেহের ধরণ দেখে ঘটনাটিকে স্বাভাবিক আত্মহত্যা বলে মানতে নারাজ পুলিশ। বাঘারপাড়া থানার উপপরিদর্শক (এসআই) পলাশ জানান, মরদেহের আলামত দেখে প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা মনে হচ্ছে না।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জালাল আলম বলেন, ঘটনাটি অত্যন্ত সন্দেহজনক। বাহ্যিকভাবে এটিকে আত্মহত্যা মনে হচ্ছে না। তবে ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ পরিষ্কার হবে। এ ঘটনায় এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
























