যশোরে ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২
নিজস্ব প্রতিবেদক
যশোর ক্যান্টনমেন্টের মেইন গেটের সামনে ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত দম্পতির দুজনই মারা গেছেন। প্রথমে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্ত্রী সাবিরা খাতুনের মৃত্যু হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে স্বামী রশিদেরও মৃত্যু হয়।
নিহতরা হলেন, যশোরের চৌগাছা উপজেলার মডেলপাড়া গ্রামের ইসমাইলের ছেলে রশিদ এবং তাঁর স্ত্রী সাবিরা খাতুন।
স্থানীয় সূত্রে জানা যায়, নতুন তৈরি করা বাড়ির বিভিন্ন মালামাল কেনাকাটা করতে স্ত্রী সাবিরাকে নিয়ে যশোরে এসেছিলেন রশিদ। কেনাকাটা শেষে রোববার বেলা সাড়ে ১১টার দিকে মোটরসাইকেলযোগে চৌগাছায় নিজ বাড়িতে ফিরছিলেন তারা। পথে যশোর ক্যান্টনমেন্টের মেইন গেটের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে সড়ক দুর্ঘটনায় দম্পতি দুজনই মারাত্মক আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রথমে সাবিরা খাতুনের মৃত্যু হয়। অন্যদিকে রশিদের শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটলে চিকিৎসকরা তাঁকে ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন। তবে ঢাকায় নেওয়ার পথেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।
একই সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীর এমন মর্মান্তিক মৃত্যুতে নিহতদের পরিবার, স্বজন ও নিজ গ্রামে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

























