যশোরে হেযবুত তাওহীদের সংবাদ সম্মেলন
অপপ্রচার ও হুমকির প্রতিবাদ, জানমালের নিরাপত্তার দাবি
নিজস্ব প্রতিবেদক
হেফাজতে ইসলামের নেতাদের মিথ্যাচার, ফতোয়াবাজি ও হামলার হুমকির প্রতিবাদ এবং সংগঠনটির সদস্যদের জানমালের নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন করেছে হেযবুত তাওহীদ যশোর জেলা শাখা।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে প্রেস ক্লাব যশোরের হলরুমে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন হেযবুত তাওহীদের খুলনা অঞ্চলের সভাপতি শামছুজ্জামান মিলন।
লিখিত বক্তব্যে জানানো হয়, সম্প্রতি নোয়াখালী জেলা স্কুল মাঠে অনুষ্ঠিত এক সমাবেশ থেকে হেফাজতে ইসলামের বক্তারা হেযবুত তাওহীদের বিরুদ্ধে অবমাননাকর, ভিত্তিহীন ও উসকানিমূলক বক্তব্য দিয়েছেন। সেখানে হেযবুত তাওহীদকে নিষিদ্ধ করার অনৈতিক দাবি তোলাসহ সংগঠনটির ইমাম ও সদস্যদের জীবন্ত দাফন এবং বাড়িঘর-আস্তানা গুঁড়িয়ে দেওয়ার প্রকাশ্যে হুমকি দেওয়া হয়েছে। এমনকি প্রশাসনের দেওয়া শর্ত লঙ্ঘন করে বিভিন্ন মাদ্রাসা থেকে ছাত্রদের একত্র করে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে।
সংবাদ সম্মেলনে খুলনা অঞ্চলের সভাপতি শামছুজ্জামান মিলন বলেন, হেযবুত তাওহীদ একটি সম্পূর্ণ অরাজনৈতিক ও সামাজিক সংস্কারমূলক আন্দোলন। প্রতিষ্ঠালগ্ন থেকে গত তিন দশকেরও বেশি সময় ধরে আমরা আইন ও সংবিধানের প্রতি পূর্ণ শ্রদ্ধাশীল থেকে উগ্রবাদ, সন্ত্রাসবাদ ও ধর্মব্যবসার বিরুদ্ধে কাজ করে আসছি। গত ৩১ বছরে আমাদের কোনো সদস্যের বিরুদ্ধে আইনভঙ্গ বা অপরাধমূলক কর্মকাণ্ডের প্রমাণ মেলেনি এবং আদালতেও কেউ দোষী সাব্যস্ত হননি।
তিনি আরও অভিযোগ করেন, একটি উগ্র ধর্মান্ধ গোষ্ঠী বিগত তিন দশকে দেশের বিভিন্ন স্থানে আমাদের ওপর সহস্রাধিক হামলা চালিয়েছে। বর্তমানে এই অপপ্রচারের কারণে সারাদেশে আমাদের হাজার হাজার সদস্য ও তাদের পরিবার চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন। একই সঙ্গে সংগঠন পরিচালিত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, খামার, হাসপাতালসহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ধ্বংসের আশঙ্কার মুখে পড়েছে।
সংবাদ সম্মেলন থেকে সংগঠনটির পক্ষ থেকে সরকারের কাছে ৫ দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে, নোয়াখালীর সমাবেশ ও বিভিন্ন স্থানে হেযবুত তাওহীদের বিরুদ্ধে সহিংসতায় উসকানি ও হুমকিদাতাদের দ্রুত আইনের আওতায় আনা। হেযবুত তাওহীদের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা, হ্যান্ডবিল বিতরণ ও উসকানিমূলক কর্মকাণ্ড বন্ধ করা। সারাদেশে সদস্যদের ঘরবাড়ি, পরিবার ও অর্থনৈতিক প্রকল্পগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা। সংবিধানে স্বীকৃত সংগঠন করার স্বাধীনতা, মুক্তচিন্তা ও ধর্মীয় অধিকার নির্বিঘ্নে চর্চার পরিবেশ রক্ষা করা। গণমাধ্যমে বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন নিশ্চিত করা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, যশোর জেলা হেযবুত তাওহীদের সভাপতি রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক ফিরোজ মেহেদী, জেলা নারী নেত্রী ফারজানা আক্তার ইলা, সদর উপজেলা সভাপতি রফিকুল ইসলাম, শার্শা উপজেলা সভাপতি আরিফুল ইসলাম অনু এবং মনিরামপুর উপজেলা সভাপতি জাহিদ হাসান জনিসহ স্থানীয় নেতৃবৃন্দ।

























