যশোরে শহরে যানজট নিরসন ও ফুটপাত দখলে যৌথ অভিযান
নিজস্ব প্রতিবেদক
যশোর শহরকে যানজটমুক্ত করতে এবং পথচারীদের চলাচল নির্বিঘ্ন করতে কঠোর অবস্থান নিয়েছে পৌরসভা। শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপাত দখলমুক্ত করা এবং অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে সোমবার (২৪ আগস্ট) সকাল থেকে এক সমন্বিত অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে পৌর কর্তৃপক্ষ।
অভিযানের অংশ হিসেবে সকাল থেকেই শহরের ব্যস্ততম এলাকা মুজিব সড়ক, প্রাণকেন্দ্র দড়াটানা মোড় এবং ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনের সড়ক ও ফুটপাতে ট্রাফিক পুলিশ, জেলা পুলিশ এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যদের সাথে নিয়ে মাঠে নামেন পৌর কর্মকর্তারা।
অভিযান চলাকালে যশোর পৌরসভার সহকারী প্রকৌশলী বিএম কামাল আহম্মেদ জানান, অবৈধ ইজিবাইক, রিকশা এবং ফুটপাত দখলের কারণে পৌরবাসীসহ দূর-দূরান্ত থেকে আসা সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। তিনি উল্লেখ করেন, সম্প্রতি জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত সভায় নেওয়া সিদ্ধান্তের আলোকেই এই পদক্ষেপ। মূল অভিযানের আগে গত তিন দিন ধরে শহরজুড়ে মাইকিং করে চালক ও ব্যবসায়ীদের সচেতন করা হয়েছে।
পৌরসভা সূত্রে জানা গেছে, বহিরাগত ও লাইসেন্সবিহীন অটোরিকশা যেন শহরের প্রধান সড়কে প্রবেশ করতে না পারে এবং গুরুত্বপূর্ণ মোড়গুলোতে যত্রতত্র গাড়ি পার্কিং বন্ধ হয়, সে বিষয়ে চালকদের উদ্বুদ্ধ ও নির্দেশ দেওয়া হচ্ছে। শহরকে পরিচ্ছন্ন ও যানজটমুক্ত রাখতে পুরো সপ্তাহজুড়ে এই যৌথ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ।

























