যশোরে মাকে কুপিয়ে হত্যার অভিযোগ: শিক্ষক ছেলে গ্রেপ্তার, পিবিআইয়ের হাতে ১৭ ঘণ্টায় আটক
নিজস্ব প্রতিবেদক
যশোর সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে নিজ মাকে বটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে মামুনুর রশিদ নামে এক স্কুলশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
শুক্রবার (২৮ আগস্ট) সকালে যশোর সদর উপজেলার তেঘরিয়া এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মামুনুর রশিদ কোতোয়ালি থানার বাজেদূর্গাপুর (দেয়াড়া ইউনিয়ন) এলাকার অবসরপ্রাপ্ত শিক্ষক মো. আলতাফ হোসেনের ছেলে। তিনি ঝিকরগাছা উপজেলার লাউজানি এন.এম. মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক হিসেবে কর্মরত।
পিবিআই ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার (২৭ আগস্ট) বিকেলে নিজ বাড়িতে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে মা আনোয়ারা খাতুনের সঙ্গে মামুনের প্রচণ্ড কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তিনি ক্ষিপ্ত হয়ে ধারালো বটি দিয়ে মাকে কোপ দেন। এতে ঘটনাস্থলেই আনোয়ারা খাতুনের মৃত্যু হলে মামুন পালিয়ে যান। এ নৃশংস ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ঘটনার পর নিহত আনোয়ারা খাতুনের অপর ছেলে মঞ্জুর হাসান বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটির তদন্তে নেমে পিবিআই তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় এসআই রতনের নেতৃত্বে অভিযান পরিচালনা করে। ঘটনার ১৭ ঘণ্টার মাথায় তেঘরিয়া এলাকা থেকে অভিযুক্ত মামুনকে আটক করতে সক্ষম হয় পিবিআইয়ের বিশেষ টিম।
পিবিআই যশোরের তথ্য অনুযায়ী, প্রাথমিক অনুসন্ধানে পারিবারিক বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। গ্রেপ্তারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হবে। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে শুক্রবার (২৯ আগস্ট) বিকেল ৩টায় পিবিআই যশোর কার্যালয়ে একটি সংবাদ সম্মেলনের (প্রেস ব্রিফিং) আয়োজন করা হয়েছে।

























