যশোরে ডেঙ্গু প্রতিরোধে বিএনপির পরিচ্ছন্নতা অভিযান ও স্প্রে কার্যক্রমের উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক
যশোর পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু মশার বিস্তার রোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান, জীবাণুনাশক স্প্রে প্রয়োগ ও জনসচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বুধবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দেলোয়ার হোসেন খোকন বলেন, বর্তমানে ডেঙ্গু পরিস্থিতি আশঙ্কাজনক রূপ নিচ্ছে। কেবল সরকারি উদ্যোগের ওপর নির্ভর না করে ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষকে সাথে নিয়ে সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে। আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং জমা পানি অপসারণের মাধ্যমে মশার বংশবৃদ্ধি রোধ করতে পারলেই আমরা এ মহামারি থেকে রক্ষা পাব।
কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম এবং মোঃ ফারুক হোসেন।
এছাড়া ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মাসুদুল বারী কাক্কু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমীর ফয়সাল, নগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা তরফদার রয়েলসহ ১ নম্বর ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে নেতৃবৃন্দ ১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন ড্রেন, সড়ক ও ময়লা-আবর্জনা ফেলার স্থানে জীবাণুনাশক স্প্রে করেন এবং স্থানীয় পথচারী ও বাসিন্দাদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।























