কেশবপুরে বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু
কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোরের কেশবপুরে বৃষ্টির মধ্যে বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জনাব আলী (৬৫) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার কেশবপুর সদর ইউনিয়নের নতুন মূলগ্রামে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত জনাব আলী ওই গ্রামের মৃত ইমান আলীর ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে জনাব আলী বাড়ি থেকে বের হয়ে নতুন মূলগ্রামের একটি বিলে মাছ ধরতে যান। মাছ ধরার একপর্যায়ে মুষলধারে বৃষ্টির মধ্যে হঠাৎ তাঁর ওপর বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বজ্রপাতে জনাব আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কেশবপুর সদর ইউনিয়নের নতুন মূলগ্রাম ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজুল ইসলাম বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বিলে মাছ ধরার সময় আকস্মিক বজ্রপাতেই তাঁর প্রাণহানি ঘটেছে।
এ বিষয়ে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ইনচার্জ ও উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আনোয়ারুল ইসলাম জানান, বজ্রপাতে আক্রান্ত ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসার আগেই তাঁর মৃত্যু হয়েছিল। তাঁকে আমরা মৃত অবস্থায় পেয়েছি।























