প্রেসক্লাব যশোর নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানানোয় এনসিপির দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ
নিজস্ব প্রতিবেদক
প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত সভাপতি জাহিদ হাসান টুকুন ও সাধারণ সম্পাদক নূর ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানাতে যাওয়াকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যশোর জেলা কমিটির দুই নেতাকে কারণ দর্শানোর (শো-কজ) নোটিশ দেওয়া হয়েছে। এ ঘটনায় সংগঠনের জেলা পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে তীব্র বিস্ময় ও আলোচনার সৃষ্টি হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, গত ২৬ সেপ্টেম্বর রাতে এনসিপির জেলা শাখার ছাত্র সংগঠন ‘ছাত্রশক্তি’র নেতাকর্মীরা প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং ফুলেল শুভেচ্ছা বিনিময় করতে যান। ওই সময় তাদের সঙ্গে উপস্থিত ছিলেন জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন এবং জুলাই গণহত্যা ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার বায়েজিদ হুসাইন।
এ ঘটনার পরপরই আব্দুল মতিন ও ইঞ্জিনিয়ার বায়েজিদ হুসাইনকে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়। বিষয়টি প্রকাশ্যে এলে জেলা কমিটির নেতাকর্মীদের মধ্যে নানামুখী প্রশ্নের জন্ম দেয়।
উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত প্রেসক্লাব যশোরের দ্বিবার্ষিক নির্বাচনে জাহিদ হাসান টুকুন সভাপতি এবং নূর ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। নির্বাচনের পর থেকে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন নবনির্বাচিত কমিটিকে সৌজন্য শুভেচ্ছা জানিয়ে আসছে।
এমন পরিস্থিতিতে কেবল প্রেসক্লাব নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানোর অপরাধে কেন দুই নেতাকে নোটিশ দেওয়া হলো—তা নিয়ে দলের অভ্যন্তরে বিতর্ক সৃষ্টি হয়েছে। জেলা পর্যায়ের একাধিক নেতা প্রশ্ন তুলেছেন, জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর কোনো সদস্যকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সাংগঠনিক এখতিয়ার জেলা কমিটির নেই। পাশাপাশি সৌজন্য সাক্ষাৎ বা সামাজিক সৌজন্যতাকে ‘সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ’ হিসেবে গণ্য করার বিষয়টিকেও তারা অযৌক্তিক বলে মনে করছেন।























